নতুন ছন্দে শিক্ষাপ্রতিষ্ঠান: ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়ছে এবার দেশের শিক্ষাব্যবস্থায়। পরিস্থিতি মোকাবিলায় স্কুল-কলেজে আসছে নতুন সিদ্ধান্ত। সপ্তাহে ছয় দিন ক্লাসের মধ্যে সমন্বয় করা হয়েছে অনলাইন ও অফলাইন। এতে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনাও থেমে থাকবে না এমনটাই আশা করছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের জ্বালানি সাশ্রয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আগে যেখানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতো, সেখানে এখন ছয় দিন ক্লাস চালুর চিন্তা করা হচ্ছে। তবে এই ক্লাস হবে ভিন্নভাবে অনলাইন ও অফলাইন মিলিয়ে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে ইতোমধ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইন ক্লাস নেওয়া হবে।

এছাড়া জোড়-বিজোড় দিন ভাগ করে ক্লাস পরিচালনার পরিকল্পনাও রয়েছে। শিক্ষকরা সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ক্লাস নেবেন, আর শিক্ষার্থীরা নির্ধারিত দিনে অনলাইন বা অফলাইনে অংশ নেবে।তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে কোনো সমস্যা দেখা দিলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি সংকটের এই সময়ে শিক্ষা কার্যক্রম সচল রাখতে সরকারের এই উদ্যোগ নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। অনলাইন-অফলাইনের এই মিশ্র পদ্ধতি কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে বাস্তবায়নের ওপর। তবে পরিবর্তিত এই ব্যবস্থায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published.