বাংলাদেশে ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। রবিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি জানান, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি ক্যাম্পেইন ২০২৫-এর মাধ্যমে ৯৭ শতাংশের বেশি শিশুর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। যার অর্থ, ৪ কোটি ২৫ লাখের বেশি শিশুকে সুরক্ষা দেওয়া গেছে।
রানা ফ্লাওয়ার্স বলেন, এটি বাংলাদেশের জন্য একটি অসাধারণ অর্জন। শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যু ও কষ্ট কমাতে এবং গুরুতর অসুস্থতার সময় পরিবারের ওপর অর্থনৈতিক ও মানসিক চাপ কমাতে সরকারের প্রতিশ্রুতি আবারও প্রমাণ হয়েছে। জীবনরক্ষাকারী এই ক্যাম্পেইন চালু করা বিশ্বের অষ্টম দেশ এখন বাংলাদেশ।
তিনি আরও জানান, এই টিকা কার্যক্রম শিশুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিসেফের সহযোগিতায় বিবিএস পরিচালিত এমআইসিএস জরিপে দেখা গেছে, বাংলাদেশে মাত্র ৩৯ দশমিক ৩ শতাংশ মানুষের নিরাপদ পানি ব্যবস্থাপনার সুযোগ রয়েছে। আরও উদ্বেগজনক বিষয়, পানির বিভিন্ন উৎসের প্রায় অর্ধেক এবং ৮৪ দশমিক ৯ শতাংশ পরিবারের পানিতে ই-কোলাই দূষণ পাওয়া গেছে। রানা ফ্লাওয়ার্সের ভাষ্য, এই পরিস্থিতি লাখো শিশুকে সহজেই টাইফয়েডসহ পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে দেয়।
তিনি বলেন, নিরাপদ পানি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুদের সুরক্ষায় টিসিভি টিকা অন্যতম শক্তিশালী মাধ্যম। এ ক্যাম্পেইন বাস্তবায়নে ইউনিসেফ জরুরি সহায়তা প্রদান করেছে। ৫ কোটি ৪০ লাখ টিসিভি ডোজ সরবরাহ, নতুন কোল্ড রুম স্থাপন, কোল্ড চেইন ব্যবস্থার উন্নয়ন এবং ভ্যাক্সইপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক সময়ে সঠিক শিশুর কাছে টিকা পৌঁছানো নিশ্চিত করেছে।
রানা ফ্লাওয়ার্স টিকা গ্রহণে সাড়া দেওয়ার জন্য অভিভাবক, বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের প্রতিটি ধাপে ইউনিসেফ সহযোগিতা করতে পেরে সম্মানিত।

Leave a Reply