প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা এপ্রিলে, অংশ নেবে কিন্ডারগার্টেনও

দীর্ঘ ১৬ বছর পর আবারও আয়োজন করা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২৫ সালে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে কিন্ডারগার্টেন তথা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় এক রিটের পর আইনি জটিলতায় পড়ে পুরো প্রক্রিয়া। আদালতের দফায় দফায় নির্দেশনার পর শেষ পর্যন্ত গত বছর সেই পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি।

বছরজুড়ে প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় হতাশা। ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক ও অভিভাবকরাও।
তবে এবার এলো স্বস্তির খবর। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, স্থগিত হয়ে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা এ বছর নেওয়া হবে। ঈদের পর আগামী এপ্রিল মাসে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে তাদের বঞ্চিত করা যাবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এবার অন্তর্ভুক্ত হবে কিন্ডারগার্টেন স্কুলও। মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৮০ শতাংশ থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ সুযোগ পাবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা।

এদিকে, আগামী বছর থেকে জুনিয়র বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি ভেবেচিন্তে ও সবার সহযোগিতায় বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন এই উদ্যোগে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এখন অপেক্ষা ঈদের পর এপ্রিলেই যেন বাস্তবে গড়ায় সেই প্রতিশ্রুতি।

Leave a Reply

Your email address will not be published.