একটি খোলা সেপটিক ট্যাংক, নাকি অজানা কোনো কারণ?একটি খোলা সেপটিক ট্যাংকই যেনো মৃত্যুফাঁদ। ছয় বছরের একটি শিশুর নিথর দেহ যেন সেই নির্মম বাস্তবতার কথাই মনে করিয়ে দিল।
রাজধানীর রামপুরার উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ৬ বছর বয়সের মেয়ে শিশু তাহিতির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা ধারণা করা হলেও সন্দেহজনক বলছেন নিহতের পরিবার ও প্রতিবেশীরা।
স্বজনরা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মায়ের সঙ্গে তারাবি নামাজ শেষে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ছোট্ট তাহিতি। ঘণ্টা দুয়েক পরেও বাসায় না ফিরলে খোঁজ করতে থাকে পরিবার।
অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ছোট্ট তাহিতির খোঁজ মিললো বাসার পাশের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বললেও অস্বাভাবিক বলছেন পরিবার।
এদিকে সন্তানকে হারিয়ে আহাজারি থামছে না বাবা-মার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তাদের।
স্থানীয়দের দাবি, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক খোলা ও অরক্ষিত থাকায় ঘটেছে এ দুর্ঘটনা। সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
একটি খোলা সেপটিক ট্যাংক, এক মুহূর্তের অসতর্কতা অথবা অজানা কোনো কারণ। যে কারণেই হোক, ছয় বছরের একটি প্রাণের নিভে যাওয়া আবারও সামনে এনে দিল অরক্ষিত, খোলা সেপটিক ট্যাংক নিরাপত্তাহীনতার কঠিন বাস্তবতা।

Leave a Reply