পরিচয়হীন নবজাতকদের নতুন জীবনের ঠিকানা ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন

মা বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আসা একটি নবজাতকের প্রথম প্রহর থাকে শুধুই অনিশ্চয়তায় ভরা। কোথাও ডাস্টবিনে, কোথাও রাস্তার ধারে, কখনো হাসপাতালের অজানা করিডরে পড়ে থাকা এই শিশুদের জীবন শুরুই হয় লড়াই দিয়ে। সেই লড়াইকে আশ্রয়, চিকিৎসা আর মা–বাবার স্নেহভরা নতুন ঠিকানায় পৌঁছে দিতে ছয় মাস ধরেই নিরলস কাজ করছে মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন।

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৫১টি নবজাতকের জীবনে নতুন সূর্যের আলো দেখিয়েছে সংগঠনটি। শুধু উদ্ধার নয় এসব শিশুকে হাসপাতালে ভর্তি, নিবিড় চিকিৎসা, স্নেহে লালন-পালন থেকে শুরু করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দত্তক পরিবারে হস্তান্তর সব কাজই অত্যন্ত যত্ন ও সংবেদনশীলতার সঙ্গে সম্পন্ন করে তারা।

সম্প্রতি তিন নবজাতককে সুস্থ করে প্রতিষ্ঠানটি।পরে ২৬ নভেম্বর ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে উপলক্ষে সেই তিন শিশুকে দত্তক পরিবারে তুলে দেয়। যারা কখনো তাদের দেখেননি, চিনতেন না তাঁরাই এখন শিশুদের আজীবন পিতা-মাতা হতে যাচ্ছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া অসংখ্য নবজাতককে এভাবে নতুন জীবন দেয়ার কাজ এখন আরও বিস্তৃত হয়েছে। মাত্র এই বছরের ১৯ জুন যাত্রা শুরু করলেও, ফাউন্ডেশনের কার্যক্রম ইতোমধ্যেই ৬৪ জেলায় পৌঁছে গেছে। শিশুসেবা ও মানবকল্যাণে এটি এখন দেশের অন্যতম কার্যকর উদ্যোগ হিসেবে পরিচিতি পাচ্ছে।

এই ছোট্ট প্রাণগুলোর প্রথম কান্না এখন আর একাকী নয় তার পাশে থাকে একদল মানুষ, যারা বিশ্বাস করে প্রতিটি শিশুই একটি নতুন আশার নাম।

Leave a Reply

Your email address will not be published.